দিল্লির লাল কেল্লার কাছে সোমবার রাতে ভয়াবহ এক বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই ডজনের বেশি মানুষ। ঘটনাটি ঘটে লাল কেল্লা মেট্রো স্টেশনের গেট নম্বর ১-এর বাইরে একটি গাড়িতে। যেখানে প্রচণ্ড বিস্ফোরণের ফলে আশপাশের আরও কয়েকটি যানবাহনেও আগুন ধরে যায়। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

এতে বলা হয়, স্থানীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিও ও ছবিতে দেখা যায়, একটি ভ্যানের দরজা উড়ে গেছে এবং আরেকটি গাড়ি সম্পূর্ণভাবে পুড়ে গেছে। চোখের সামনে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনার সাক্ষীরা এনডিটিভিকে জানান, বিস্ফোরণের পর রাস্তার উপর ছড়িয়ে-ছিটিয়ে ছিল দেহের অংশবিশেষ।


পুরনো দিল্লির ব্যস্ত এই এলাকায় বিস্ফোরণটি এমন এক সময় ঘটলো, যখন মাত্র কয়েক ঘণ্টা আগে হরিয়ানার ফারিদাবাদে ২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার করে পুলিশ। জম্মু ও কাশ্মীর পুলিশের তথ্যের ভিত্তিতে ফারিদাবাদের দুটি বাড়ি থেকে বিস্ফোরকগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে ছিল ৩৫০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট, যা শক্তিশালী বিস্ফোরণ তৈরিতে ব্যবহৃত হয়। গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্যের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ড. আদিল আহমেদ রাঠার। যাকে এই চক্রের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে

দিল্লি পুলিশ ও ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) যৌথভাবে ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে। বিস্ফোরণের ধরন ও ব্যবহৃত বিস্ফোরক চিহ্নিত করতে ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল মোতায়েন করা হয়েছে। রাজধানীর এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এতে নিরাপত্তা বাহিনী দিল্লি ও আশপাশের এলাকায় উচ্চ সতর্কতা জারি করেছে।।